“বাংলাদেশে ভয়াবহ বিমান দূর্ঘটনা পরবর্তী সহায়তায় বিশেষজ্ঞ ডাক্তার,নার্স ও চিকিৎসা সরঞ্জাম পাঠাচ্ছে’ -ভারত সরকার
আন্তর্জাতিক ডেস্কঃ
ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে বহু প্রাণহানির ঘটনার পর, আহতদের চিকিৎসায় সহায়তা করতে ভারত সরকার আজ (মঙ্গলবার) ঢাকায় বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স এবং দগ্ধ রোগীদের জন্য প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম পাঠাচ্ছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি উচ্চপদস্থ সূত্র বিবিসি বাংলাকে নিশ্চিত করে জানিয়েছে, “আমরা আজই বার্ন ইউনিটে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন দু’জন চিকিৎসক ও একদল নার্স ঢাকায় পাঠাচ্ছি। সঙ্গে যাচ্ছে জরুরি চিকিৎসা সরঞ্জামও।”
জানা গেছে, বাংলাদেশের অনুরোধে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি সোমবার সন্ধ্যায় বাংলাদেশের পররাষ্ট্র সচিবকে ফোন করে সাহায্যের আশ্বাস দেন। এর কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স (সাবেক টুইটার)-এ পোস্ট করে শোক প্রকাশ করেন এবং জানান, “এই সংকটে ভারত বাংলাদেশের পাশে রয়েছে এবং সবধরনের সহায়তা দিতে প্রস্তুত।”
দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আলোচনার পরপরই ঢাকায় ভারতীয় দূতাবাস সক্রিয়ভাবে সমন্বয় শুরু করে। বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, বেশিরভাগ আহতদের শরীরের বিস্তীর্ণ অংশ দগ্ধ হয়েছে — এমন পরিস্থিতিতে বার্ন চিকিৎসায় পারদর্শী বিশেষজ্ঞ দল এবং অত্যাধুনিক ওষুধ ও যন্ত্রপাতি জরুরি।
ভারত সেই অনুরোধের ভিত্তিতে জরুরি ভিত্তিতে দল পাঠানোর উদ্যোগ নেয়। সূত্রমতে, আজকের মধ্যে চিকিৎসকদল ঢাকায় পৌঁছাবে এবং তাদের সহায়তায় চিকিৎসার পরবর্তী পর্যায়েও আরও ডাক্তার ও নার্স পাঠানো হবে।
বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক সময়ে ভারত-বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে কিছুটা শীতলতা দেখা গেলেও, এই বিপর্যয়ের মুহূর্তে দুই দেশের মানবিক সহযোগিতা দুই প্রতিবেশীর সম্পর্ককে নতুন মাত্রা দিতে পারে।
এমন মানবিক উদ্যোগ শুধু তাৎক্ষণিক চিকিৎসা সহায়তাই নয়, বরং আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রেও একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে উঠেছে।