কৃষকের কাছ থেকে আলু কিনবে সরকার : কৃষি উপদেষ্টা

Aug 26, 2025 - 02:43
কৃষকের কাছ থেকে আলু কিনবে সরকার : কৃষি উপদেষ্টা

ডেস্ক রিপোর্টঃ সরকারি পর্যায়ে আলুর দাম নির্ধারণ করে সরাসরি কৃষকের কাছ থেকে আলু ক্রয় করা হবে বলে জানিয়েছেন কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (২৩ আগস্ট) দুপুরে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) হিমাগার ও মিরপুর বিভাগের দারুসসালাম থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।বাংলাদেশের স্থানীয় খাবারের রেস্তোরাঁর তালিকা

উপদেষ্টা বলেন, কৃষকরা আলুর ন্যায্যমূল্য পাচ্ছে না। দাম না পেলে তারা ভবিষ্যতে আলু চাষে অনাগ্রহী হয়ে পড়তে পারে। এ কারণে সরকার সরাসরি কৃষকের কাছ থেকে নির্ধারিত দামে আলু ক্রয়ের সিদ্ধান্ত নিচ্ছে। তিনি আরও জানান, আলু বেচাকেনায় সবচেয়ে বেশি লাভ করে মধ্যস্বত্বভোগীরা, অথচ কৃষক বঞ্চিত হয়। তাই কোল্ড স্টোরেজ পর্যায়েও আলুর দাম নির্ধারণ করবে সরকার।

জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, দেশে আলুর বীজ উৎপাদনের সক্ষমতা বাড়াতে কাজ চলছে। বর্তমানে বিদেশ থেকে আলুর বীজ আমদানি করতে হচ্ছে, যা অনেক ব্যয়বহুল। নিজস্ব উৎপাদন শুরু হলে কৃষকরা স্বল্পমূল্যে বীজ পাবে।

তিনি আরও বলেন, শুধু আলু নয়, আনারস ও খেজুরের মানসম্পন্ন বীজ দেশেই উৎপাদন করা হবে, যাতে ভবিষ্যতে বিদেশ নির্ভরতা কমে। বিশেষ করে সৌদি আরব থেকে খেজুর আমদানির প্রয়োজন যাতে না হয়, সেদিকেও কাজ করছে সরকার।

পাটবীজ নিয়ে প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বর্তমানে অধিকাংশ পাটবীজ ভারত থেকে আমদানি করতে হয়। কারণ কৃষকরা দীর্ঘ সময় ধরে জমি ব্যবহার করে পাটবীজ উৎপাদনে আগ্রহী নয়। পাটের বীজ উৎপাদন করতে গেলে আঁশের মান নষ্ট হয় এবং কৃষকরা বছরে একাধিকবার ধান চাষের সুযোগ হারায়। এজন্য অনেক সময় দেশীয় উৎপাদনের পরিবর্তে আমদানিই কার্যকর সমাধান হয়ে দাঁড়ায়।

দারুসসালাম থানা পরিদর্শন প্রসঙ্গে উপদেষ্টা জানান, রাজধানীর অপরাধপ্রবণ এলাকার মধ্যে মোহাম্মদপুর ও মিরপুর অন্যতম। এই এলাকায় অপরাধ ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। গণমাধ্যমের সহযোগিতায় দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ডিএমপির ৫০ থানার মধ্যে বর্তমানে ২৫টি ভাড়া ভবনে চলছে বলে জানিয়ে উপদেষ্টা আরও বলেন, আগামী সেপ্টেম্বরের মধ্যে আটটি থানা নিজস্ব ভবনে কার্যক্রম শুরু করা হবে।