নারীর ক্ষমতায়নে জেলা পরিষদ, নীলফামারীর দৃষ্টান্তমূলক উদ্যোগ
নারীর ক্ষমতায়ন ও সক্ষমতা বৃদ্ধি আজকের সময়ের অন্যতম আলোচিত ও প্রয়োজনীয় বিষয়। সামাজিক উন্নয়ন ও টেকসই অগ্রযাত্রার জন্য নারীকে মূলধারায় সম্পৃক্ত করার বিকল্প নেই। এই প্রেক্ষাপটে জেলা পরিষদ, নীলফামারীর সাম্প্রতিক উদ্যোগটি নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।
জেলা প্রশাসক ও জেলা পরিষদের মান্যবর প্রশাসক জনাব মোহাম্মদ নায়িরুজ্জামান এর নেতৃত্বে নীলফামারী জেলা নারী ফুটবল একাডেমির কিশোরী খেলোয়াড়দের মধ্যে শীতকালীন কেডস, গেম জার্সি, প্যান্ট, ট্র্যাকস্যুট এবং দূরবর্তী এলাকার তিনজন খেলোয়াড়কে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে। এই ছোট অথচ তাৎপর্যপূর্ণ উদ্যোগ নারীর আত্মবিশ্বাস বৃদ্ধিতে, খেলাধুলায় অংশগ্রহণে, এবং সামাজিক প্রতিবন্ধকতা ভাঙতে এক কার্যকর ভূমিকা রাখবে।
নারীরা যখন মাঠে নামছে, তখন তারা কেবল খেলাধুলা করছে না—তারা নিজের সীমা অতিক্রম করছে, নিজেদের সক্ষমতার নতুন সংজ্ঞা তৈরি করছে। এমন উদ্যোগ তাদের জীবনে আত্মবিশ্বাসের আলো ছড়াবে, যা ভবিষ্যতে বাল্যবিবাহ প্রতিরোধ, শিক্ষার প্রসার, এবং মাদকমুক্ত সমাজ গঠনে ইতিবাচক প্রভাব ফেলবে।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব দীপঙ্কর রায় যথার্থই বলেছেন— “আমাদের এই কিশোরীরা নিয়মিত উৎসাহ ও অনুপ্রেরণা পেলে বিশ্ব জয় করবে, একদিন নীলফামারীর গর্ব হবে।” এই বক্তব্যে নিহিত আছে আশাবাদ ও বাস্তবতাবোধের সমন্বয়।
আমাদের প্রত্যাশা—এই উদ্যোগ এককালীন না হয়ে ধারাবাহিক রূপ পাক। জেলা পরিষদ, ক্রীড়া সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় সরকারসমূহের সমন্বয়ে নারীর বিকাশে আরও বিস্তৃত কর্মপরিকল্পনা গড়ে উঠুক।
কারণ, নারী এগোলে সমাজ এগোয়, আর সমাজ এগোলেই প্রকৃত উন্নয়ন সম্ভব হয়।
বিধান চন্দ্র রায়
সহ-সম্পাদক, দ্যা ডেইলি ইমেজ বিডি।