বিলাইছড়িতে উপজেলা কৃষি অফিস কর্তৃক ধানের নমুনা শস্য কর্তন

Nov 11, 2025 - 21:40
বিলাইছড়িতে উপজেলা কৃষি অফিস কর্তৃক ধানের নমুনা শস্য কর্তন

অনলাইন কৃষি ডেস্কঃ

রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ২০২৪-২৫ অর্থবছরে রাজস্ব খাতে ধানের নমুনা শস্য কর্তন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ নভেম্বর) সকালে কেংড়াছড়ি ইউনিয়নের বেগেনাছড়ি এলাকায় ব্রি-ধান-১০৩ জাতের ধানের নমুনা শস্য কর্তন করা হয়।

প্রায় ৩৩ শতক জমিতে চাষকৃত উক্ত জাতের ধানে ভালো ফলন পাওয়া গেছে বলে জানা গেছে। শস্য কর্তন শেষে মাঠ পর্যায়ে উপস্থিত কৃষকদের সঙ্গে ফলন ও উৎপাদন সংক্রান্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে মসল্লার উন্নতজাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় ভার্মি কম্পোস্ট প্রযুক্তি সম্প্রসারণ প্রদর্শনী, বস্তায় আদা চাষ, মাচায় সবজি চাষসহ বিভিন্ন কৃষি কার্যক্রমও পরিদর্শন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার রাজেশ প্রসাদ রায়, কৃষি অফিসের উদ্যানতত্ত্ববিদ সুমন গুপ্ত, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুব্রত গুপ্ত, সুকান্ত কুমার মোদক, এবং স্থানীয় কৃষক বিশাল চাকমা, শান্তি রঞ্জন চাকমা, মধুসূদন চাকমা, দিবারতন চাকমা ও শান্ত বালাসহ এলাকার অন্যান্য কৃষকবৃন্দ।

শস্য কর্তন কার্যক্রমের মাধ্যমে মাঠ পর্যায়ের কৃষকদের ফলন মূল্যায়ন ও উন্নত জাত সম্প্রসারণে উৎসাহিত করার পাশাপাশি প্রযুক্তিনির্ভর কৃষি উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান উপজেলা কৃষি অফিসার রাজেশ প্রসাদ রায়।