জলঢাকায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

Nov 14, 2025 - 21:35
জলঢাকায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

বিধান চন্দ্র রায়,জলঢাকাঃ

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শুক্রবার (১৪ নভেম্বর) বিকেল ৩টায় সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শ্রমিক সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। “ন্যায্য অধিকার, গণতান্ত্রিক প্রত্যয় ও শ্রমিক কল্যাণের দাবি” শীর্ষক এ সমাবেশে জেলার বিভিন্ন এলাকা থেকে হাজারো শ্রমিক অংশ নেন।

সমাবেশে সভাপতিত্ব করেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের জলঢাকা উপজেলা সভাপতি রেজাউল ইসলাম। পরিচালনা করেন উপজেলা সেক্রেটারি মাজেদুল ইসলাম বুলবুল।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক হারুনার রশিদ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন নীলফামারী-৩ (জলঢাকা) আসনের জামায়াত মনোনীত পদপ্রার্থী ও জেলা মজলিসের সুরা সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি প্রভাষক মনিরুজ্জামান জুয়েল, উপজেলা জামায়াতের আমীর মোকলেছুর রহমান মাষ্টার, জেলা মজলিসের সুরা সদস্য প্রভাষক ছাদের হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোয়ম্মার আল হাসান, সহকারী সেক্রেটারি প্রভাষক মুজাহিদ মাসুম ও পৌর জামায়াতের আমীর মাওলানা মোজাম্মেল হক।

বক্তারা শ্রমিক শ্রেণিকে দেশের উন্নয়নের প্রধান শক্তি উল্লেখ করে ন্যায্য মজুরি, শ্রমিক অধিকার ও দুর্নীতি–মুক্ত শ্রম পরিবেশ নিশ্চিতের দাবি জানান। প্রধান আলোচকের বক্তব্যে আসন্ন নির্বাচনকে সামনে রেখে শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি এবং ইসলামী মূল্যবোধভিত্তিক ন্যায়ভিত্তিক সমাজ গঠনের প্রতিশ্রুতির কথা তুলে ধরা হয়।

সমাবেশস্থলে দাঁড়িপাল্লা প্রতীকের সাদা টি–শার্ট, ব্যানার–প্ল্যাকার্ড ও বিভিন্ন দাবি–সংবলিত স্লোগানে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। ভ্যানচালক, দিনমজুর, ক্ষুদ্র শ্রমিকসহ নানা শ্রেণি–পেশার মানুষের উপস্থিতিতে মাঠ মুখরিত হয়ে ওঠে।

আলোচনা শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। পরে দেশ ও শ্রমজীবী মানুষের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।