প্রাথমিকের শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ,পদ-৪১৬৬
অনলাইন ডেস্কঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য দ্বিতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আজ বুধবার (১২ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জন্য এই বিজ্ঞপ্তি জারি করা হয়। এবারের ধাপে মোট ৪ হাজার ১৬৬ জন সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দেশের প্রধান জাতীয় দৈনিক পত্রিকাগুলোতে আনুষ্ঠানিকভাবে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, “নিয়োগ বিধি সংশোধন হওয়ায় এবার নিয়োগ বিজ্ঞপ্তি ধারাবাহিকভাবে বা ধাপে ধাপে প্রকাশ করা হচ্ছে। অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যা পত্রিকায় বিস্তারিত দেখা যাবে।”
উল্লেখ্য, এর আগে প্রথম ধাপে গত ৫ নভেম্বর রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের শূন্য পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। সেখানে সহকারী শিক্ষকের ১০ হাজার ২১৯টি শূন্য পদে আবেদনের সুযোগ দেওয়া হয়। এবার ঢাকা ও চট্টগ্রাম বিভাগের প্রার্থীদের অপেক্ষার অবসান ঘটল।
চাকরিপ্রত্যাশীরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অফিশিয়াল ওয়েবসাইট এবং জাতীয় পত্রিকা থেকে আবেদনের নিয়মাবলি ও বিস্তারিত তথ্য জানতে পারবেন।